ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের জেরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও ছাত্রদের বুধবার সকাল ৮টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ছাত্রীদের হল ত্যাগের বিষয়ে বেলা ১১টায় সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয়েছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাশ ও পরীক্ষা বন্ধ থাকবে। ছাত্রদের সকাল ৮টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। হলগুলো জানুয়ারির ১ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া ক্যাম্পাসে সভা, সমাবেশ মিছিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শাহপরাণ হলের প্রভোস্ট শাহেদুল হোসেন জানান, তিনটি আবাসিক হলে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত রেড দেওয়া হয়। বিভিন্ন কক্ষ থেকে ৫০টি জিআর পাইপ, ১০টি রড, ৪টি ককটেল, ২টি দা, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হতাহতরে ঘটনা না ঘটলেও ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
শাবিপ্রবিতে ছাত্রলীগে উত্তেজনা: ধাওয়া, ককটেল ও গুলি বিস্ফোরণ
/বিটি/








