রাজশাহী নগরীর নওদাপাড়ার নগর মাতৃ সদন আরবান প্রাইমারি হেলথ কেয়ার থেকে চুরি হওয়া নবজাতকটিকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার আট দিন পর শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে নগরীর টিকাপাড়ার ‘সপ্তর্ষি’ নামে ৫০৭ নম্বর বাড়ি থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এসময় ঘটনার সঙ্গে জড়িত শাহীন আক্তার শুভ্রা নামে এক নারীকে আটক করে পুলিশ। আটক শুভ্রা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, তার স্বামী আক্তারুজ্জামান পেশায় একজন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করে মতিহার থানা জোনের এসি সুশান্ত চন্দ্র রায় জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, আটক নারী শিশুটিকে চুরি করেছেন।
এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম বলেন, ‘শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। পরবর্তীতে শিশুটিকে যদি অন্য কোনও পক্ষ দাবি না করে, তাহলে নাসির উদ্দিন ও মুক্তি খাতুনের কাছে হস্তান্তর করা হবে। কারণ তারা তাদের শিশুটি চিনতে পেরেছেন। আর কেউ দাবি করলে ডিএনএ পরীক্ষাসহ আইনের মাধ্যমে শিশুটি হস্তান্তর করা হবে।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর টিকাপাড়া বাসার রোডের ওই বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। কয়েকজন নারী পুলিশ সদস্যকেও নিয়ে যাওয়া হয়। পরে বাড়ির ভেতরে ওই থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি বিকেল তিনটার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় অবস্থিত নগর মাতৃ সদন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে একটি ছেলে সন্তান জন্ম দেন পবা উপজেলার চরশ্যামপুর এলাকার দিনমজুর নাসির উদ্দিনের স্ত্রী মুক্তি খাতুন। ওইদিন রাত সাড়ে নয়টার দিকে এক নারী খালা পরিচয়ে মুক্তির নবজাতকটিকে কৌশলে চুরি করে নিয়ে যান। পুলিশ এ ঘটনায় এর আগে তোহুরা খাতুন নামের এক নারীকে গ্রেফতার করে।
/এপিএইচ/
আরও পড়ুন: সাংবাদিক মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের







