গাজীপুরের কাশিমপুরে নয়াপাড়া এলাকায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে মাল্টি ফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত হয়েছেন আমিরুজ্জামান আমির পায়েল (২৭)। তিনি পার-নওগাঁর চকরামপুর মহল্লার মৃত আজিজুল ইসলামের ছেলে। মঙ্গলবার পায়েলদের বাড়ি গিয়ে দেখা যায় তার মা পুস্প বেওয়া বার বার মূর্ছা যাচ্ছেন। জ্ঞান ফিরলেই তিনি বলছে ‘এখন কেউ আর আমার খোঁজ নেবে না। বাবা আমার ঈদে নতুন শাড়ি কিনে দিয়ে,বলছে মা নতুন শাড়ি পড়ে নামাজ পরবা। আর আমার জন্য দোয়া করবা। বাবা আমার আর ফোন করবে না’ কথাগুলো বলতে বলতেই তিনি আবার মূর্ছা যাচ্ছেন।
পায়েলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে পরিবারটিতে চলছে শোকের মাতম। প্রতিবেশিরা তার মা ও বোনকে ঘিরে বসে আছে। সবাই তাদের স্বান্তনা দেওয়ার চেষ্টা করছিলেন। দুই ভাই দুই বোনে মধ্যে পায়েল ছিল তৃতীয়। সেই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
স্থানীয়রা জানায়, ছয় বছর আগে তার বাবা মারা যান। এরপর অভাবের মধ্যেও পায়েল বগুড়া পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা পাশ করে। পরে ঢাকার উত্তরায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি পড়ার পাশাপাশি মাল্টি ফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে পার্ট টাইম চাকরি শুরু করেন। পড়াশুনা শেষ হলেও সেখানেই তিনি ফুল টাইম চাকরি শুরু করেন। ঘটনার দিন পায়েলসহ আরও কয়েকজন সেখানে দায়িত্বরত ছিল। সোমবার সন্ধ্যার বয়লার বিস্ফোরণে কারখানার চারতলা ভবনের দুতলা পর্যন্ত একপাশের অংশ ধসে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। টেলিভিশনে সংবাদটি দেখার পর থেকে পায়েলের পরিবার আতঙ্কের মধ্যে ছিল। এসময় তার মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
পায়েলের বড় বোন আফরোজা বলেন,‘ঘটনার পর পায়েলের ফোন বন্ধ পাওয়া যায়। পরে মঙ্গলবার সকালে আমাদের এক আত্মীয়কে ঘটনাস্থলে পাঠিনো হয়। সে অনেক খোঁজাখুজির পর তিনি ভাইয়ের মরদেহ সনাক্ত করেন।
প্রতিবেশি সুলতান আহম্মেদ বলেন,‘পায়েলের চাকরির সুবাদে ওদের পরিবারে কিছুটা স্বচ্ছলতা এসেছিল। তিন মাস আগে ছোট বোন আফসানা মিম পুলনকে বিয়েও দিয়েছে। পায়েলের মৃত্যুতে পরিবারটি নিঃশ্ব হয়ে গেল। কারখানা থেকে পরিবারটিকে সহযোগীতা করলে ভালো হতো।
পরিবারটির প্রতি সমবেদনা জানিয়ে নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুল ইসলাম বলেন, ‘ওই পরিবারকে আর্থিক সহযোগীতা করা হবে’
মরদেহ গাজীপুর হাসপাতাল মর্গে আছে। মরদেহের জন্য অপেক্ষা করছেন তার পরিবারের লোকজন।
/জেবি/
আরও পড়তে পারেন: দুর্গতদের খাদ্য-চিকিৎসার ব্যবস্থা করবে সরকার : ত্রাণমন্ত্রী








