ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে লালমনিরহাটের চার শতাধিক বানভাসি পরিবারের মাঝে পুলিশের পক্ষ থেকে গরু ও মুরগির মাংসসহ বিভিন্ন খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশের পক্ষে বানভাসিদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন রংপুর রেঞ্জের মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা উচ্চ বিদ্যালয় মাঠে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন, লালমনিরহাট জেলা পুলিশিং কমিটির সভাপতি ও সাবেক চেম্বার অব কমার্সের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান এবং ডিআইজি পত্মী শারমিন আক্তার খান প্রমুখ।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বিভিন্ন এলাকার ৩৮০টি মুসলিম পরিবারের মাঝে ১ কেজি গরুর মাংস, ৫ কেজি চাল, আধা কেজি সয়াবিন তেল, ১ কেজি চিড়া, আধা কেজি লবণ, আলু দুই কেজি, ১০০ গ্রাম কাঁচা মরিচ, ১ কেজি পেয়াজ এবং ৮০টি সনাতন পরিবারের মাঝে ১ কেজি দেশি মুরগির মাংস, ৫ কেজি চাল, আধা কেজি সয়াবিন তেল, ১ কেজি চিড়া, আধা কেজি লবণ, আলু দুই কেজি, ১০০ গ্রাম কাঁচা মরিচ, ১ কেজি পেয়াজ দেওয়া হয়।







