‘শিলত ধানের গাছ ভাঙ্গি ভাঙ্গি গেইছে, আবাদ না হইলে কি খায়া বাচিম!’ ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউপির কৃষক মনু মিয়া বাংলা ট্রিবিউনকে এই কথা বলেন। মনু মিয়া জানান, তিনি এবার ১ বিঘা জমি বর্গা নিয়ে ধান লাগিয়েছিলেন। শিলা বৃষ্টিতে তার পুরো ক্ষেত নষ্ট হওয়ার উপক্রম।
শুক্রবার (৩০ মার্চ) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সকালে প্রায় আধ ঘন্টারও বেশি এই প্রাকৃতিক তাণ্ডব ঘটে। শিলাবৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন ফসল আক্রান্ত হওয়ার পাশাপাশি সবজি,আম,ভুট্টা ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।
এদিকে শিলা বৃষ্টির আঘাতে অনেকের বাড়ির টিনের চাল ফুটো হয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে। উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে, শিলা বুষ্টিতে বোরোর ফসল আক্রান্ত হওয়ার পাশাপাশি পাট,ভুট্টা,করলা,পটলসহ বিভিন্ন সবজি ক্ষেত অনেকাংশে নষ্ট হয়ে গেছে। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে আম,লিচু ও সবজি ক্ষেতের।
উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সুবল চন্দ্র বর্মন জানান, তিনি চলতি মৌসুমে প্রায় ৩ বিঘা জমিতে পটল আবাদ করেছেন। কিন্তু শিলা বৃষ্টির কারণ তার পটল ক্ষেত পুরিপুরি নষ্ট হয়ে গেছে। একই ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন ওই ইউনিয়নের কৃষক রোকনুজ্জামান,হাশেম আলী,পুলিন চন্দ্রসহ অনেক চাষি।
রুহুল আমিন নামে নাওডাঙ্গা ইউনিয়নের একজন করলা চাষী জানান, শিলা বৃষ্টির আঘাতে তার ক্ষেতের সব করলা থেঁতলে গেছে। শুধু তিনি নন, এলাকার প্রায় সব কৃষকের একই অবস্থা বলে জানান এই কৃষক।
ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো.মাহবুবুর রশিদ জানান, আমার চাকরি জীবনে এত ব্যাপক শিলা বৃষ্টি কখনও দেখিনি। শিলা বৃষ্টির কারণে উপজেলার মোট কৃষি জমির ৩০ ভাগেরও বেশি আক্রান্ত হয়েছে। বোরো ধানের তেমন ক্ষতি না হলেও আম,লিচু ও বিভিন্ন শবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে জেলার নাগেশ্বরী উপজেলাতেও ঝড় ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। তবে শিলা বৃষ্টিতে এ উপজেলার বোরো ধানের তেমন ক্ষতি না হলেও আম ও লিচুর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.শামসুজ্জামান।
এই কৃষি কর্মকর্তা জানান, উপজেলার পৌর এলাকা এবং রামখানা ইউনিয়নে শিলাবৃষ্টির আঘাতে আম ও লিচুর ক্ষতি হলেও বোরো আবাদের তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।
আরও পড়ুন:
‘এমন শিলাবৃষ্টি জীবনেও দেখিনি’
রংপুরে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু








