নাটোরের লালপুর উপজেলায় বাস ও লেগুনার সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শনিবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার কদমিচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামসুন নূর এ খবর নিশ্চিত করেন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন আহমেদ ও বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামসুন নূর বলেন, ‘শনিবার বিকাল ৪টার দিকে চ্যালেঞ্জার পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে পাবনা যাচ্ছিল। পথে উপজেলার ফিলিপমোড় এলাকায় এ বাসের সঙ্গে একটি লেগুনার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন, যার মধ্য গুরুতর আহত ৪ জন ছিলেন। এ চার জনকে হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’
তারা আরও জানান, নিহতদের সবাই লেগুনার যাত্রী ছিলেন। এর মধ্য ২ শিশুসহ ৩ জন নারী ও ৫ জন পুরুষ রযেছেন। ওসি জিএম শামসুন নূর বলেন, ‘আমি ঘটনাস্থলেই আছি। লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’







