রংপুরে পৃথক মামলায় দুই আসামির ফাঁসি ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে রংপুরের স্পেশাল জজ নরেশ চন্দ্র সরকার ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান পৃথকভাবে রায় দুটি ঘোষণা করেন।
কৃষক আব্দুর রহমান হত্যা মামলা
জমি দখল করতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় কৃষক আব্দুর রহমান হত্যা মামলায় আসামি সিজানুর রহমানের ফাঁসি এবং অপর ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রংপুর স্পেশাল জজ নরেশ চন্দ্র সরকার। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- নুর ইসলাম, আতিয়ার রহমান, মোকসেদুল আলম, মনোয়ারুল ও নুর বখত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০০ সালের ১৯ জানুয়ারি রংপুরের মিঠাপুকুর উপজেলার কাশেমপুর বাথান গ্রামে আসামি মিজানুর রহমানের নেতৃত্ব সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে কৃষক আব্দুর রহমানের জমি দখল করতে আসে। এ সময় বাধা দিতে আসলে আসামিরা ছোড়া ও বল্লম দিয়ে কুপিয়ে আব্দুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহত কৃষক আব্দুর রহমানের ছেলে শফিকুল ইসলাম বাদি হয়ে মিঠাপুকুর থানায় ৪৩ জনকে আসামি করে মামলা করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মিজানুর রহমানকে ফাঁসি এবং অপর ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
রায় শেষে সরকারের পক্ষে আইনজীবী ও স্পেশাল পিপি অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বলেন, এ রায়ে তিনি সন্তুষ্ট। নিহতের পরিবার ন্যায়বিচার পেয়েছে।
তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক প্রামানিক এ রায়ে ক্ষোভ প্রকাশ করেন। উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান তিনি।
শিশু মিলন বাবু হত্যা মামলা
এদিকে রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান তিন বছরের শিশু মিলন বাবু হত্যার অভিযোগে আসামি হামিদুলকে ফাঁসির আদেশ দিয়েছেন।
আসামি হামিদুল জামিনে থাকার পর বেশ কিছুদিন ধরে পলাতক রয়েছেন। তিনি গ্রেফতার হওয়ার পর এ রায় কার্যকর করা হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৩ সালের ২৩ অক্টোবর রংপুরের বদরগজ্ঞ উপজেলার জামুবাড়ি কুমার পাড়া গ্রামের মঞ্জুআরা বেগমের ছেলে মিলন বাবুকে শ্বাসরোধ করে হত্যা করেন আসামি হামিদুল। এ ঘটনায় শিশুর মা মঞ্জুআরা বেগম বাদি হয়ে হামিদুলকে আসামি করে একটি মামলা করেন। ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রায় ঘোষণার পর সরকার পক্ষের আইনজীবী সহকারী পিপি অ্যাডভোকেট পলাশ বলেন, এ রায়ে তারা খুশি। দ্রুত আসামিকে গ্রেফতার করে রায় কার্যকর করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরও খবর পড়ুন-
ভয় দেখাচ্ছে হেফাজতসহ ইসলামি দলগুলো!
পোস্টারের ভাষায় নারীর প্রতিবাদ
খোলা জায়গায় রাত পর্যন্ত পহেলা বৈশাখ উদযাপনের ঘোষণা
/এসএনএইচ/এফএস/







