কুমিল্লার নাঙ্গলকোটে লাগেজের ভেতরে রাখা গলা কাটা যুবকের পরিচয় মিলেছে। নিহত ওই যুবকের নাম সালাউদ্দিন বেপারী (২২)। তিনি মাদারীপুর সদর উপজেলার শহীদপুর গ্রামের আজিবার বেপারীর ছেলে।
নাঙ্গলকোট থানার এসআই আশ্রাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের আত্মীয়রা শনিবার রাতে কুমিল্লায় এসে লাশটি শনাক্ত করেন। তিনি আরও জানান, নিহত সালাউদ্দিন পরিবারের সঙ্গে ঢাকার বাংলামটরের ইস্কাটন এলাকার একটি ভাড়া বাসায় বাস করতেন। প্রেমসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
গত শুক্রবার বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার তুগরিয়া এলাকার পূর্বপাশে মায়ের দোয়া ব্রিক ফিল্ড সংলগ্ন একটি খালের পাশে রাখা লাগেজ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ। এ ঘটনায় ওই রাতেই নাঙ্গলকোট থানার এসআই আশ্রাফুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে খবর পেয়ে শনিবার রাতে ওই যুবকের পরিবারের সদস্যরা কুমিল্লা এসে লাশের পরিচয় শনাক্ত করেন। এদিকে প্রেমিকা নিয়ে দ্বন্দ্বের জেরে সালাউদ্দিনকে গলা কেটে হত্যা করা হতে পারে বলে পুলিশের কাছে সন্দে প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা।
নাঙ্গলকোট থানার এসআই আশ্রাফুল ইসলাম বলেন, ওই যুবকের পরিবারের বেশ কয়েকজন সদস্য এসে তার শারীরিক বর্ণনা দেন। তাদের দেওয়া বর্ণনা অনুযায়ী মর্গে থাকা মৃতদেহটির শারীরিক মিল খুঁজে পাওয়া যায়। ওই রাতেই পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই আশ্রাফুল ইসলাম আরও বলেন, গত ২০ এপ্রিল ওই যুবক ঢাকার বাসা থেকে নিখোঁজ হন। এ ঘটনার পরদিন রমনা থানায় একটি জিডিও করেন পরিবারের সদস্যরা। ওই যুবকের পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন, মাদারীপুরের সদর উপজেলার শহীদপুর গ্রামের হাজী বাড়ির একটি মেয়ের সঙ্গে সালাউদ্দিনের প্রেমের সর্ম্পক ছিলো। তবে হাজী বাড়ির ছেলে সোহেলও ওই মেয়েকে ভালোবাসতো। এ নিয়ে সালাউদ্দিন ও সোহেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এছাড়া সোহেল লোক দিয়ে ঢাকায় সালাউদ্দিনকে পিটিয়েছিল। তাই তাদের ধারণা, প্রেমিকা নিয়ে দ্বন্দ্বের জেরে সালাউদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হতে পারে।
তিনি আরও বলেন, তদন্ত করে মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
আরও পড়ুন:
যশোরে মাদক মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন
/টিএন/আপ-এআর/








