বগুড়ায় বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’এর দুই বছর পূর্তি উৎসব। আর এ অনুষ্ঠানে নারীদের উপস্থিতি ছিল নজরকাড়া। এ উপলক্ষে শনিবার বিকালে শহরের দত্তবাড়ি এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির সামনের দিকে ছিলেন নারীরাই।
র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মহিলা ক্রীড়া সংস্থা চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিগার সুলতানা ডরোথী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিলরুবা আকতার বানু সুইট, সহ-সভাপতি হাসনা খাতুন, আস্থা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান সাবেক পৌর কাউন্সিলর ডালিয়া নাসরিন রিক্তা, বাংলা ট্রিবিউন-এর বগুড়া প্রতিনিধি নাজমুল হুদা নাসিম, সমাজসেবী শিল্পী বেগম, আইভি আকতার নুপুর, সবিতা রানী পোদ্দার, আলেয়া খাতুন, রাশেদ সুলতান জুয়েল, হাসান হামিদুর রহমান রাজু প্রমুখ।
প্রধান অতিথি বলেন, দেশে দিন দিন অনলাইন দৈনিকের জনপ্রিয়তা বাড়ছে। ঘটনার পরপরই খবর পাওয়া যায়, আগের মত অপেক্ষা করতে হয় না। ‘বাংলা ট্রিবিউন’ অনলাইন সাংবাদিকতায় নতুন অধ্যায়ের সূচনা করেছে। তারা বাংলা ট্রিবিউনের পাঠকপ্রিয়তার প্রশংসা ও এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। বক্তারা দেশের যে কোনও পরিস্থিতিতে বাংলা ট্রিবিউনের নিরপেক্ষতা প্রত্যাশা করেন। পরে প্রধান অতিথি অন্য অতিথিদের নিয়ে কেক কাটেন।অতিথিদের কেক ছাড়াও মিষ্টি ও সিঙ্গারা দিয়ে আপ্যায়িত করা হয়। পরে উপস্থিত সকলের হাতে বাংলা ট্রিবিউনের দুই বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যা তুলে দেওয়া হয়। অতিথিরা বিশেষ সংখ্যার ভূয়সী প্রশংসা করেন।
আরও পড়ুন: খুনিদের ‘ছবি আঁকলেও’ তা প্রকাশ নিয়ে সিদ্ধান্তহীনতায় পিবিআই!
/টিএন/








