হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করেছে ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ। চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে সন্দেহভাজন ৫ সদস্য যাতে কোনভাবেই হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালাতে না পারে সেজন্য বৃহস্পতিবার এ সর্তকতা জারি করা হয়।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, সম্প্রতি চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন ৫ সদস্যের নাম, ঠিকানা, ছবি কর্তৃপক্ষ আমাদের দিয়েছেন। ওই সন্দেহভাজন ৫ সদস্য যাতে কোনভাবেই হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে ভারতে যেতে বা পালাতে না পারে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি।
তিনি আরও জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে যাতায়াতরত প্রত্যেক পাসপোর্টধারী যাত্রীদের যাচাইবাছাই, জিজ্ঞাসাবাদ করে ও ছবি দেখে পরিচয় নিশ্চিত হওয়ার পরই যাতায়াতের অনুমতি প্রদান করছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ।
এছাড়া, হিলি সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনও অপরাধী সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে যেতে বা ভারত থেকে বাংলাদেশে না আসতে পারে সেজন্য বিজিবির পক্ষ থেকেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, সম্প্রতি চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত আসামি ওয়াসিম ও আনোয়ারের জবানবন্দিতে মুসা শিকদার, নবী, রাশেদ, কালু ও শাহজাহানের সংশ্লিষ্টতার কথা বলেছেন। দ্রুত তাদের গ্রেফতার করতে ও তারা যেন দেশত্যাগ করতে না পারে সে ব্যাপারে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করে দেশের বিমানবন্দর ও স্থলবন্দরগুলোয় সতর্কতা জারি করা হয়েছে।
/এমও/







