মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও ভুয়া সনদ দিয়ে পুলিশে চাকরি নেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে জয়পুরহাট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, কনস্টেবল শাহিদুজ্জামান (২১) ও কবিরুল ইসলাম (২৩)।তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দাঙ্গা বিভাগে কর্মরত ছিলেন।
তাদের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মির্জাপুর ও শ্রীমন্তপুর গ্রামে। এই ঘটনায় পুলিশ শাহিদুজ্জামানের বাবা আবু সালামকে গ্রেফতার করেছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জয়পুরহাট সদর থানা ও গ্রেফতারকৃতদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারি মাসে জয়পুরহাট জেলায় পুলিশের নিয়োগ দেওয়া হয়। সেখানে পাঁচবিবির মির্জাপুর গ্রামের আবু সালামের ছেলে শাহিদুজ্জামান এবং শ্রীমন্তপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে কবিরুল ইসলাম কাগজে কলমে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে কনস্টেবল পদে আবেদন করেন। মুক্তিযোদ্ধার কোটায় কনস্টেবল হিসেবে তাদের চাকুরি হওয়ার পর তারা ঢাকার মেট্রোপলিটন পুলিশের দাঙ্গা বিভাগে যোগদান করেন। পরবর্তীতে তাদের সনদ ভুয়া দাবি করে পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। বিষয়টি তদন্তের পর অভিযোগ প্রমাণিত হয়।
এই ঘটনায় জয়পুরহাট জেলা পুলিশের রিজার্ভ অফিসার আনিছুর রহমান বাদি হয়ে ওই দুই কনস্টেবলের বিরুদ্ধে গত ২৭ জুন মঙ্গলবার জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করার পর গত শুক্রবার তাদের ঢাকা থেকে গ্রেফতার করা হয়। মুক্তিযোদ্ধা না হয়েও ভুয়া সার্টিফিকেট সংগ্রহ করায় কনস্টেবল শাহিদুজ্জামান এর বাবা আবু সালামকেও এ মামলায় পুলিশ গ্রেফতার করে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া কনস্টেবল কবিরুলের বড় ভাই বকুল হোসেন ও কনস্টেবল শাহিদুজ্জামান এর বড় ভাই আসাদুজ্জামান জানান, মুক্তিযোদ্ধার কোটায় চাকুরি হওয়ার বিষয়টি তাদের পরিবার জানতেন না।
পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধার কোটায় চাকুরি পাওয়া তার এলাকার দুই পুলিশ কনস্টেবল শাহিদুজ্জামান ও কবিরুলের বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না। মুক্তিযোদ্ধার তালিকায় তাদের নামও নেই।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, ভুয়া মুক্তিযোদ্ধার সনদে চাকুরি পাওয়া ওই দুই কনস্টেবলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে তদন্ত রিপোর্ট পেয়ে তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের করা হয়। পরে গত শুক্রবার গ্রেফতার করে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
/জেবি/
আরও পড়তে পারেন : ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩







