রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার রাবি শিক্ষার্থী মুনতাসিরুল আলম অনিন্দ্যকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (২) আাদালতের বিচারক খালেদ হোসেন খান এ রিমান্ড মঞ্জুর করেন।
এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, রাবি শিক্ষক রেজাউল হত্যা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাসিরুল আলম অনিন্দ্যকে গত ২ জুলাই মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় বাসা থেকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। পরদিন গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। ওই সময় তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক। কিন্তু ঈদের সময় আদালত বন্ধ থাকায় রিমান্ডের শুনানি হয়নি। পরে বুধবার দুপুরে রিমান্ডের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অনিন্দ্যকে অনেক আগে থেকেই পুলিশ নজরদারিতে রাখা হয়েছিল।
গ্রেফতারকৃত অনিন্দ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি শফিউল আলম লাটকুর ছেলে ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাহফুজুল আলম লোটনের ভাতিজা।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল নিজ বাসার সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় বগুড়ার শিবগঞ্জ থেকে জেএমবি সদস্য মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। আব্দুল্লাহ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এই মামলায় মোট ১২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এরই মধ্যে হাফিজুর রহমান নামে এক শিবির নেতা মারা গেছেন।
আরও পড়ুন:
জঙ্গি হামলাকারীরা নিঃসন্দেহে দোজখের আগুনে পুড়বে: প্রধানমন্ত্রী
জুনের সেরা প্রতিবেদক পাভেল, শাকিল ও স্বপন
/বিটি/








