বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজে সরকার ও রাষ্ট্রবিরোধী জঙ্গি তৎপরতার প্রতিবাদ করতে গিয়ে বরখাস্ত হওয়া তিন শিক্ষককে সাতদিনের মধ্যে স্বপদে পুনর্বহালে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।এ আদেশ অমান্য করলে প্রতিষ্ঠানের পাঠদানসহ সব কার্যক্রম কেন স্থগিত করা হবে না তার জবাব দাখিল করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের ওয়েব সাইডে প্রকাশিত উপ-সচিব সালমা জাহান স্বাক্ষরিত চিঠি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দেওয়া হয়।এর অনুলিপি শিক্ষামন্ত্রীর একান্ত সচিব,মাউশির মহাপরিচালক, শিক্ষা সচিবের একান্ত সচিব ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, ম্যানেজিং কমিটির সভাপতিসহ বিভিন্ন দফতরে দেওয়া হয়েছে।
এর আগে গত ২০১৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কোনও কারণ দর্শানো নোটিশ ছাড়াই স্কুল শাখার সহকারী শিক্ষক মাসউদ করিম এবং পরের বছর জুনে কলেজ শাখার প্রভাষক অমরেশ চন্দ্র মুখার্জ্জী ও প্রভাষক গোলাম মর্তুজাকে বরখাস্ত করে।
শিক্ষা মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়েছে, বগুড়া এসওএস হারম্যান মেইনার কলেজে সরকার ও রাষ্ট্রবিরোধী জঙ্গি তৎপরতার প্রতিবাদ করায় কর্তৃপক্ষ তিন শিক্ষককে কারণ দর্শানো ছাড়াই বরখাস্ত করে। রাজশাহী শিক্ষা বোর্ড তদন্ত করে তাদের স্বপদে পুনর্বহালের নির্দেশ দিলেও তা মানা হয়নি। পরে গত ২৮ আগস্ট উপসচিব সালমা জাহান স্বাক্ষরিত ওই চিঠিতে সাতদিনের মধ্যে শিক্ষকদের স্বপদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।
বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজের অধ্যক্ষ স্বপন কুমার ঘোষ মোবাইল ফোন বন্ধ রাখায় তার বক্তব্য পাওয়া যায়নি।
বরখাস্ত প্রভাষক অমরেশ চন্দ্র মুখার্জ্জী জানান, তারা গত মঙ্গলবার প্রতিষ্ঠানে গিয়েছিলেন। অধ্যক্ষ তাদের জানিয়েছেন, ওয়েবসাইডের ওই চিঠি তারা মানেন না। হার্ড কপি হাতে পাবার পর সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুন: দুই কর্মকর্তার গাফিলতিতেই ড্যাপে দুর্ঘটনা: তদন্ত কমিটি
/এআর/







