জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিলে বাঁধা দেওয়ার সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি ও বেআইনি সমাবেশ করার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার জয়পুরহাটে বিএনপির শীর্ষ স্থানীয় ২২নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত দেড়শ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আজ ভোরে জয়পুরহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মুশফিকুল আলম বুলু ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
জয়পুরহাট থানার এস আই আব্দুল খালেক বাদী হয়ে এ মামলাটি করেন। এ মামলায় জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান, সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানসহ বিএনপির শীর্ষ স্থানীয় নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
মামলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেওয়া, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দলবদ্ধ হয়ে বেআইনিভাবে বল প্রয়োগ ও সরকারি কর্মচারীদের কর্তব্য পালনে বাধা, স্বেচ্ছাগতভাবে আঘাত দান, আক্রমন ও অপরাধমূলক বল প্রয়োগের অভিযোগ করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ১১টায় ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে কেন্দ্রী কর্মসূচির অংশ হিসেবে শহরের রেলগেট এলাকায় নেতাকর্মীরা মিছিল বের করলে এ ধস্তাধস্তির ঘটনা ঘটে।
/এমডিপি/







