পাবনার আটঘরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার ডেঙ্গারগ্রাম ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্য হলেন- আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন (৪০) ও তোফাজ্জল হোসেন (৪০)।
আটঘরিয়া থানার ওসি ফারুক আহম্মদ বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনার সময় ওই দুই পুলিশ সদস্য সিভিল পোশাকে মোটরসাইকেলে একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রাম এলাকায় যান। সেখানে একটি সাদা প্রাইভেটকারে থাকা লোকজনের গতিবিধি সন্দেহজনক হলে চ্যালেঞ্জ করেন দুই পুলিশ সদস্য। এসময় প্রাইভেটকারে থাকা সন্ত্রাসীরা দুই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মঞ্জুরা রহমান জানান, আহত দুইজনের মধ্যে এসআই মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
/এআর/







