সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় ৬ দিনের রিমান্ড শেষে মেয়র হালিমুল হক মিরুসহ ৬ জনকে ফের কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে সিরাজগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের সিনিয়র বিচারিক হাকিম মো. শরিফুল ইসলাম তাদের ফের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শাহজাদপুর উপজেলা আমলি আদালতের জিআরও মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিমুলের স্ত্রীর দায়ের করা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার ইনস্পেক্টর (তদন্ত) মো. মনির হোসেন শনিবার দুপুরে তাদের আদালতে হাজির করেন।
জিআরও মো. আতাউর রহমান বলেন, ‘আসামিদের ৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা নতুন করে আর রিমান্ডের আবেদন করেননি। রিমান্ডে থাকা আসামিরা হলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সদ্য সাময়িক বহিষ্কৃত শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু, তার সহযোগী একেএম নাসির উদ্দিন, আরশাদ আলী, নাজমুল ইসলাম, জহির খাঁ ও আলমগীর হোসেন।’
আদালত সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা মুনির হোসেনের আবেদনে গত ১৩ ফেব্রুয়ারি শাহজাদপুর উপজেলা আমলি আদালতে মিরুসহ ৬ জনকে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক মো. হাসিবুল হক তাদের জামিন না মঞ্জুর করে প্রত্যেককে ৫দিনের করে পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর শহরের মনিরামপুরে পেশাগত দায়িত্ব পালন, খবর সংগ্রহসহ ছবি তুলতে গেলে পৌর মেয়র মিরু ও তার ভাই মিন্টুর গুলিতে আহত হন সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরদিন বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় মেয়র মিরুসহ ১৮ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী। পুলিশ এ পর্যন্ত মিরুসহ ১১ জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: সাংবাদিক শিমুল হত্যা: মেয়র মিরু গ্রেফতার
/এমএনএইচ/







