চাঁপাইনবাবগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে একটি আমবাগান থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ওই ছাত্র বালিয়াডাঙ্গা গ্রামের কাবির আলীর ছেলে মাসুদ রানা (১৯)। তিনি বালুগ্রাম কলেজ থেকে বাণিজ্য বিভাগে এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহম্মদ জানান, সকালে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই ছাত্রের দুই হাত ও দুই পা বাঁধা অবস্থায় একটি আম গাছের ডালে ফাঁসিতে ঝুলে আছে। পরে মরদেহ গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, ময়নাতদন্তের পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








