র্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজশাহীতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও র্যাব-৫, রাজশাহীর মেজর এ এম আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন এবং ক্যাপ্টেন জাহিদ আহম্মেদের নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠানে এই অভিযান চলে। এর মধ্যে রয়েছে- ২টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল, প্রসাধনী সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান, খাবার হোটেল এবং খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিুসর রহমান বলেন, ‘মঙ্গলবার রাতে নোংরা পরিবেশে খাবার তৈরি করায় নগরীর লক্ষীপুর এলাকার তৃপ্তি হোটেলকে তিন লাখ এবং গণকপাড়ায় রুচিতা বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
এর আগে, রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে গ্রিনলাইফ নামের একটি ক্লিনিকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল ৪টার দিকে বিভিন্ন অনিয়মের কারণে ওই ক্লিনিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়েছে। পরে আরও দুইটি প্রতিষ্ঠানে অভিযান চলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, ‘ওই ক্লিনিকে অপারেশন করার মত পর্যাপ্ত যন্ত্রাপাতি, অভিজ্ঞ ডাক্তার ও নার্স ছিল না। এছাড়া ক্লিনিকের পরিবেশ নোংরা এবং অস্বাস্থ্যকর। যে কারণে ক্লিনিক কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।’
এছাড়া পুঠিয়ার বানেশ্বর বাজারে অবস্থিত মডার্ন কসমেটিকস অ্যান্ড হারবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। বেশ কয়েকটি অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পুঠিয়া উপজেলার গ্রামীণ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।







