১৯ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পাবনা সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা।
সেক্টর করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের কর্মসূচির অংশ হিসেবে ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর জাতীয় মজুরি স্কেল ঘোষণার দাবিতে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৮টায় মিলের প্রধান ফটকে এই সমাবেশ করা হয়। এ সময় প্রায় আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।
বিক্ষোভ মিছিলটি কারখানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এ সময় পাবনা সুগার মিলের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় শ্রমিক-কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন আরিফুর রহমান আরিফ, সাজেদুল ইসলাম শাহিন, রবিউল ইসলাম রবি, মঞ্জুরুল ইসলাম, আনোয়ার হোসেন, আবু তাহের তালুকদার, মনিরুল ইসলাম, এস্কেন্দার আলী, রমজান আলী প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৫ সালের সুপারিশ অনুযায়ী আমাদের প্রত্যাশিত জাতীয় মজুরি স্কেল ঘোষণার দাবি জানাচ্ছি। এ সময় পরিচালক মাহবুবুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করেন শ্রমিক-কর্মচারীরা। তারা দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেন।







