রাজশাহী অঞ্চল থেকে জামায়াত-শিবির ও জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে। সে ক্ষেত্রে এই অঞ্চলে জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশকে আরও বেশি সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
সোমবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন। একই সঙ্গে তিনি গোয়েন্দা নজরদারির জন্য কর্মকর্তাদের প্রতি তাগিদ দিয়েছেন। এছাড়া জনগণের সঙ্গে আরও সম্পৃক্ততা বাড়াতে বলেছেন।
সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আরএমপি কমিশনার মাহাবুবর রহমানের সভাপতিত্বে আরএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযান জোরদারের আহ্বান জানান অতিরিক্ত আইজিপি। এছাড়াও সাধারণ জনগণের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে পুলিশি কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেন তিনি। পুলিশি সেবা গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষ যেন হয়রানির মুখোমুখি না হয় সে ব্যাপারেও সতর্ক থাকতে পুলিশ কর্মকর্তাদের আহ্বান জানান ড. জাবেদ। সভায় পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







