নাটোরের বড়াইগ্রামে হার্ট স্ট্রোকে জীবন আহমেদ (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। বনপাড়া আমিনা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আনছারুল হক হার্ট স্ট্রোকে জীবনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৫ মে) বিকালে তাকে দাফন করা হয়।
নিহত জীবন বনপাড়া পৌর এলাকার কালিকাপুর মহল্লার ছলেমান কবিরাজ ও জুলেখা বেগমের ছেলে এবং বনপাড়া কৃষি ও কারিগরী কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
ছলেমান কবিরাজ দাবি করেন, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও জীবন নিজ ঘরে ঘুমাচ্ছিল। রাত প্রায় আড়াইটার দিকে ঘুমন্ত অবস্থায় গোঙরাতে থাকলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।







