রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্রলীগের হামলায় আহত তরিকুলকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ। শনিবার (৭ জুলাই) দুপুরে হাসপাতালে গিয়ে তরিকুলের খোঁজ-খবর নেন তিনি। এসময় তরিকুলের ওপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এই মেয়র প্রার্থী।
মুরাদ মোর্শেদ বলেন, ‘বর্তমানে দেশে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন নেই। আর এ করণেই প্রতিনিয়ত দেশের জনগণের ওপরে এ ধরনের হামলার ঘটনা ঘটছে।’ তরিকুলের চিকিৎসায় ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে যথাসাধ্য সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
মুরাদ মোর্শেদ আরও বলেন,‘কোটা সংস্কার একটি যৌক্তিক আন্দোলন। আমি এই আন্দোলনের সমর্থন করি।’ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনকেও এই আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান মুরাদ মোর্শেদ।
এসময় তার সঙ্গে ছিলেন,গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা শাখার সদস্য সচিব রুপোশ সালাম, মতিহার থানা শাখার আহ্বায়ক হাসিব রেজাসহ অন্য নেতারা।







