রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। তবে এবার ভর্তি পরীক্ষায় থাকছে এমসিকিউ (বহু নির্বাচনী প্রশ্ন)। এর আগে যদিও ভর্তি সংক্রান্ত উপ-কমিটির সভায় এমসিকিউ বাতিলের সুপারিশ করা হয়েছিল। তবে আগামী বছর থেকে এমসিকিউ ও লিখিত উভয় আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।
অধ্যাপক আনন্দ কুমার সাহা জানান, চলতি বছর পাঁচটি ইউনিটে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে ৩২০০০ ভর্তিচ্ছু অংশ নিতে পারবে। তবে এবারের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের এমসিকিউ প্রশ্নে উত্তীর্ণ হতে হবে। আগামী বছর থেকে লিখিত ও এমসিকিউ উভয় সংমিশ্রণে পরীক্ষা হবে। একই সঙ্গে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগও বহাল থাকবে। সোমবার সকাল ১০টায় প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে ভর্তি সংক্রান্ত কমিটির সভায় চুড়ান্তভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র জানায়, ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে আবেদনের জন্য মানবিক শাখা থেকে মাধ্যমিক ও উচ্চমাধমিক উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। বাণিজ্য শাখা থেকে পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ এবং বিজ্ঞান শাখা থেকে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.৫০ পেতে হবে।







