পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি নবজাতক চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী। নবজাতকের সন্ধানে কাজ করছে পুলিশ।
নবজাতকটির স্বজনরা জানান, ঈশ্বরদী উপজেলার বহরপুর গ্রামের রাশেদ প্রামানিকের গর্ববতী স্ত্রী রোজিনা খাতুনকে বুধবার (২১ নভেম্বর) রাতে হাসপাতালটিতে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টার দিকে তার স্বাভাবিকভাবে কন্যা সন্তান জন্ম হয়। পরে রাতেই তারা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যান। সকালে প্রসূতি মা অসুস্থ হয়ে পড়লে, আবারো তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে মা ও শিশুকে হাসপাতালে রেখে দুধ কিনতে বাইরে যান স্বজনরা। এসময় বোরকা পরিহিত এক নারী শিশুটিকে কান্না থামানোর কথা বলে কোলে নিয়ে কৌশলে পালিয়ে যায়। তারপর থেকে নবজাতককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে নবজাতকের সন্ধানে অভিযানে নেমেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত নবজাতকের সন্ধান পাওয়া যায়নি।






