নাটোরের বড়াইগ্রাম উপজেলার গুনাই হাটি এলাকায় সিমেন্ট বোঝাই লরি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে,হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বনপাড়া হাইওয়ে পুলিশ স্টেশনের ওসি আব্দুল আলীম জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুনাই হাটি এলাকায় পাবনা থেকে রাজশাহীগামী আলিফ-লাম-মীম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাবনাগামী ক্রাউন সিমেন্টের একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই লরির চালক এবং এক যাত্রী নিহত হয়। যাত্রীর বয়স আনুমানিক ৫০ বছর।
তিনি আরও বলেন, আহতদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অন্যদের নাটোর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, সিমেন্ট কোম্পানিতে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছুলে চালকের পরিচয় জানা যাবে।








