আবারও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে ফুলেল সংবর্ধনা দিলেন দলের নেতাকর্মীরা। সোমবার বিকাল ৫টার দিকে শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এর আগে বিকালে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রবেশদ্বার হাতনাবাদ এলাকায় হাজার হাজার নেতাকর্মী তাকে বরণ করে নেয়। পরে কয়েক হাজার মোটরসাইকেলের একটি শোডাউন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে এসে শেষ হয়।
এ সময় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার পক্ষে আরেকটিবার ভোট চান আব্দুল ওদুদ। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রাকে ধরে রাখতে আপনারা নৌকার পক্ষে জনমত সৃষ্টি করে মাঠে কাজ করুন।’
এদিকে, বিশাল এই মোটরসাইকেল শোডাউনকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ তুলেছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
আর সহকারী রিটার্নিং কর্মকতা ও সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন জানান, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘কোনও ধরনের মোটরসাইকেল শোডাউন বা বহর নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে।







