বগুড়ার সান্তাহার জংশনের পার্শ্ববর্তী বাগবাড়ি এলাকায় চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল শুরু হয়। বগিটি লাইনচ্যুত হওয়ার পর উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকাসহ রাজশাহী ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ বিঘ্নিত হয়। সোমবার সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন ২ ঘণ্টা চেষ্টার পর বগি লাইনে তুলতে সক্ষম হয়। পরে বেলা ১টার দিকে যোগাযোগ স্বাভাবিক হয়। এ সময় পৃথক দুটি স্থানে আন্তঃনগর ট্রেন আটকা পড়লে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
সান্তাহার জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম, রেলওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ও অন্যরা জানান, খুলনা থেকে ১২টি বগি নিয়ে সীমান্ত এক্সপ্রেস নীলফামারীর চিলাহাটি স্টেশনের দিকে রওনা হয়। সোমবার সকাল সাড়ে ৫টার দিকে ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে আসে। বিরতি শেষে রওনা হওয়ার ১০ মিনিট পর সান্তাহার ও তিলকপুর স্টেশনের মাঝামাঝি বাগবাড়ি নামক স্থানে পৌঁছলে পেছনের চতুর্থ বগির (চ) আটটির মধ্যে চারটি চাকা লাইনচ্যুত হয়। এসময় যাত্রীদের চিৎকারে চালক ট্রেন থামিয়ে দেন। ট্রেনের সামনের ৬টি বগিতে কোনও সমস্যা না থাকায় সেগুলো গন্তব্যের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এতে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস দেড় ঘণ্টা আত্রাই স্টেশনে এবং চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস আক্কেলপুর স্টেশনে ২ ঘণ্টা আটকে থাকে।
খবর পেয়ে বেলা ১০টায় ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসে। বেলা ১২টার দিকে মেরামত শেষ হলে বেলা ১টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ৬ ঘণ্টা উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী, রাজশাহী ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ (ব্রডগেজ) বিঘ্নিত হয়।
পরে এ মেরামত কাজ পরিদর্শন করেন, রেলের পশ্চিমাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান, বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন প্রকৌশলী রোবায়েত হাসান, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম প্রমুখ।







