বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হওয়া আব্দুল মান্নানকে মন্ত্রী করার দাবি জানানো হয়েছে। বুধবার (০২ জানুয়ারি) দুপুরে সোনাতলার মুক্তিযোদ্ধা সংসদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি উত্থাপন করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বগুড়া-১ আসনেও জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান।’
‘এ নির্বাচনের আগে গত ১০ বছর সংসদ সদস্য থাকাকালে তিনি বগুড়ার সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নয়ন কাজের মাধ্যমে জনগণের মনে স্থান করে নিয়েছেন। আমরা কোনও কিছু চাওয়ার আগেই আব্দুল মান্নান এমপির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু পেয়েছি। এমন একজন যোগ্য এমপিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি।’
লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম আরও বলেন, জননেতা আব্দুল মান্নানকে মন্ত্রিসভায় স্থান দিলে তিনি সোনাতলা ও সারিয়াকান্দিসহ সারাদেশে চলমান উন্নয়নের ধারা বেগবান করবেন বলে আমাদের বিশ্বাস। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা নূরুল আনোয়ার বাদশা, মতিয়ার রহমান, কছিম উদ্দিন, ইউনুছ আলী, সেকেন্দার আলী, শাহ আলম, আব্দুল বাকী, আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।






