চাঁপাইনবাবগঞ্জে হত্যা ও মাদক মামলার আসামি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, চেয়ারম্যান টিপু আইয়ুব হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে ওই মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’
জেলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, ‘টিপুর বিরুদ্ধে আইয়ুব হত্যা মামলাসহ মাদকের তিনটি মামলা রয়েছে। সরকারের মাদক বিরোধীদের তালিকায় তার নাম রয়েছে। মাদক বিরোধী অভিযানের পর থেকেই সে পলাতক ছিল। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা করছিল।’
ইসলামপুর ইউনিয়ন পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ও আইয়ুব হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর খৈয়ম জানান, ‘আইয়ুব হত্যা মামলায় সে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে থাকলেও, পরে চাঁপাইনবাবগঞ্জের নিম্ন আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারি করেন।’







