বাংলাদেশ ব্যাংকের বাতিল টাকার টুকরো ভর্তি বস্তাগুলো ডাম্পিং স্টেশনে না ফেলে বিলের পানিতে ফেলে দেওয়ার ঘটনায় শোকজ নোটিশের জবাব দিয়েছেন বগুড়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা শাখার তিন কর্মকর্তা। তারা জানিয়েছেন, যে ট্রাকচালককে তারা টাকার টুকরো ভর্তি বস্তাগুলো ডাম্পিং সেন্টারে ফেলার নির্দেশ দিয়েছিলেন, তিনি তা ডাম্পিং সেন্টারে না নিয়ে বাড়ির পাশে বিলে ফেলে দেন। পৌরসভার সচিব রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বগুড়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা শাখার তিন কর্মকর্তা মেয়রের কাছে লিখিত জবাব দেন। তারা হলেন– পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা শাখার পরিদর্শক মামুনুর রশিদ মামুন, একই শাখার ভারপ্রাপ্ত সুপারভাইজার আমিনুল ইসলাম ও বস্তি উন্নয়ন কর্মকর্তা রাখিউল আবেদীন।
সচিব রেজাউল করিম জানান, নির্ধারিত সময়ের মধ্যে শোকজের জবাব দিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের জবাব বিবেচনা করা হচ্ছে। এতে তাদের গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
শোকজ নোটিশের জবাবে ওই তিন কর্মকর্তা জানিয়েছেন, তারা ভাড়া ট্রাকের চালক মাসুমকে বাংলাদেশ ব্যাংকের বাতিল টাকার বর্জ্য বাঘোপাড়ার ডাম্পিং সেন্টারে ফেলার নির্দেশ দেন। কিন্তু চালক বর্জ্যগুলো ডাম্পিং সেন্টারে না নিয়ে তার বাড়ির কাছে শাজাহানপুর উপজেলার চড়চান্দাই জালশুকা গ্রামের খাউড়ার বিলে ফেলে দেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে এলাকাবাসী বিলের পাড়ে টাকার টুকরোগুলো দেখলে হুলুস্থুল পড়ে যায়।
এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে মেয়র একেএম মাহবুবর রহমান পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা শাখার তিন কর্মকর্তাকে শোকজ নোটিশ পাঠান এবং ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেন।







