রাজশাহীতে পুলিশের পোশাক পরে ছিনতাইয়ের অভিযোগে চার যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জেলা পুলিশের নীল রঙের একটি জ্যাকেট ও ছিনতাই করা পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রয়ারি) রাতে মহানগর পুলিশের কাটাখালি থানার সুচারণ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলো- কাটাখালি থানার সুচারণ এলাকার রুহুল আমিন (২০), নিলয় (২০), সাগর (২২) ও রুপশীডাঙ্গা এলাকার শ্রাবন (২০)।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার অমিত হাসান ফয়সাল (২২) ও তার বন্ধু সোহান (২২), শ্যালক রাব্বেল (১৭) ও রাব্বেলের বন্ধু আব্দুল্লাহ বিন জুবায়েরসহ (১৭) শুক্রবার রাত ৯টায় খেজুরের রস পান করার জন্য পরিচিত কাটাখালি থানার সুচরণ এলাকার রুহুল আমিনের (২০) সঙ্গে যোগাযোগ করে তার বাড়িতে যান। খেজুরের রস পান করার সময় রুহুল আমিন কৌশলে কয়েকজন ছিনতাইকারীকে খবর দিয়ে ডেকে আনে। তারা পুলিশের জ্যাকেট পরিধান করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অমিত হাসান ফয়সাল ও তার বন্ধুদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ২৭৩ টাকা ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগীরা কাটাখালী থানায় এসে পুলিশকে অবহিত করলে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী পাঁচ জনের একজন থানায় মামলা করেছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







