রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। আজ রবিবার (৮ মার্চ) দুজনের এবং শনিবার (৭ মার্চ) সন্ধ্যা পর্যন্ত ছয় জনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিখোঁজ ৪১ জনের মধ্যে কেবল কনে সুইটি খাতুন পূর্ণিমা এখনও নিখোঁজ রয়েছেন। রাজশাহী নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ এ তথ্য জানান।
ওসি জানান, রবিবার উদ্ধার দুজন হলেন—নববধূ সুইটির খালা আঁখি খাতুন (২৫) এবং সুইটির ফুফাতো বোন রুবাইয়া আক্তার স্বর্ণা (১২)। আঁখি খাতুনের বাবার নাম আবু হোসেন। বাড়ি ডাঙেরহাট। স্বামীর বাড়ি নগরীর ভাটাপাড়া এলাকায়। আর অষ্টম শ্রেণির ছাত্রী স্বর্ণা মহানগরীর আলিগঞ্জ মোল্লাপাড়া এলাকার বাসিন্দা রবিউল ইসলামের মেয়ে।
এর আগে যাদের লাশ উদ্ধার হয়েছে তারা হলেন কনের বাবা শামিম হোসেন (৩৫), বোন রশ্নি খাতুন (৭), ভগ্নিপতি রতন আলী (৩০), খালা মনি খাতুন (৩০), আত্মীয় একলাস আলী (২২) ও রতনের মেয়ে মরিয়ম (৫)।
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় চরখিদিরপুর এলাকায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪১ যাত্রী নিয়ে দুটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় ওই দিন রাতেই ৬ জন সাঁতরে কূলে ওঠেন। বাকিদের মধ্যে ২৭ জনকে স্থানীয়দের সহায়তায় জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরও পড়ুন...
পদ্মায় নৌকাডুবি: শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ৩৩








