করোনা ভাইরাসের উপসর্গ থাকার সন্দেহে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের একজন নার্সকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘‘ওই নার্সকে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছিল। কিন্তু, পরে তিনি নিজের ইচ্ছায় বাড়িতে ‘কোয়ারেন্টিনে’ চলে যান।’’
সাইফুল ফেরদৌস আরও বলেন, ‘তাকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হটলাইন নম্বর দেওয়া হয়েছে। এছাড়াও আইইডিসিআরে ফোন করে বলে দেওয়া হয়েছে। তারাই এই রোগীর সঙ্গে যোগাযোগ করবে। আর রাজশাহীতে পরীক্ষার জন্য কিট আনতে পাঠানো হয়েছে। কিট এলে রাজশাহীতেই পরীক্ষা করা যাবে।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘এই রোগীর গায়ে হামের মতো দানা-দানা কিছু দেখা গেছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর শরীরে এ রকম হয় না। তারপরও সতর্কতার জন্য তাকে আইসোলেশনে পাঠানো হয়।’
জানা গেছে, ঢাকা থেকে বাসে ফেরার সময় তিনি ইতালি ফেরত এক প্রবাসীর সহযাত্রী ছিলেন। বাড়ি ফিরেই তার জ্বর আসে। এজন্য তিনি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।







