সারাদেশের সঙ্গে নাটোরের সকল উপজেলায় একযোগে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচি উদ্বোধন করা হয়। চলে দুপুর পর্যন্ত।
এসময় নাটোরের সিংড়া উপজেলায় উপস্থিত হয়ে টিকা গ্রহণকারীদের সাহস জোগান আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।
সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ১০ টায় নাটোর জেলা সদর হাসপাতালে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহরিয়াজ। এসময় তিনি ছাড়াও পুলিশ সুপার লিটন কুমার সাহা,পৌর মেয়র উমা চৌধুরী জলি,সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ও নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন। ওই হাসপাতালে প্রথম টিকা নিয়েছেন সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ আলী। এরপর টিকা গ্রহণ করেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী আনন্দ গোপাল,সদর উপজেলা ইউএনও জাহাঙ্গীর আলম ও সাংবাদিক নবীউর রহমান পিপলু।
সিভিল সার্জন জানান, টিকা নিতে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় ২০৯৭ জন নিবন্ধন করেছেন।
সিংড়া উপজেলায় টিকা কার্যক্রমের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। তিনি ঢাকাতেই টিকা গ্রহণ করায় নিজের অভিজ্ঞতা প্রকাশ করে অন্যদের অভয় দেন। তার উপস্থিতিতে টিকা নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম।
লালপুর উপজেলায় টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। সেখানে প্রথম টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট কার্তিক চন্দ্র।
গুরুদাসপুর উপজেলায় টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। সেখানে প্রথম টিকা নেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডাক্তার মেসবাউল ইসলাম সেতু।
বাগাতিপাড়া উপজেলায় টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল। সেখানে প্রথম টিকা নেন আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাক্তার ফরিদুজ্জামান।
অপরদিকে বড়াইগ্রাম উপজেলায় টিকা কার্যক্রম উদ্বোধন করেন এমপি আব্দুল কুদ্দুস। সেখানে প্রথম টিকা নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স এনরিটা রোজারিও। এরপরই টিকা নেন উপজেলা চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী।









