নাটোরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এ অবস্থায় সদর হাসপাতালের করোনা ইউনিটে ৭০ বেডের বিপরীতে আরও ১২টি অতিরিক্ত বেড যুক্ত হয়েছে। বর্তমানে ৮২ জন রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় আরও চার জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৫ জনের।
সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান ও সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ৭০ বেডের বিপরীতে ৮২ জন রোগী ভর্তি হয়েছেন। এমন অবস্থায় ওই ইউনিটে অতিরিক্ত বেড দিয়ে ১২ রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান গত ২৪ ঘণ্টায় আরটিপিসিআর মেশিনে ৫৪ জনের পরীক্ষায় ১৩ জন, র্যাপিড অ্যান্টিজেনে ৯৪ জনের পরীক্ষায় ৩৮ জন এবং জিন এক্সপার্ট মেশিনে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট ১৭৫ জনের পরীক্ষায় ৬৫ জনের করোনা শনাক্ত হলো। শনাক্তের হার ৩৭.১৪ ভাগ।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় এক নারীসহ জেলায় মোট চার জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মোট ৫৪ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন এক হাজার ৭২৯ জন।









