রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৬, উপসর্গ নিয়ে তিন ও করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতায় একজন মারা গেছেন। রবিবার (৫ সেপ্টেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুই জন করে এবং নওগাঁ ও নাটোরের একজন করে রয়েছেন। করোনার উপসর্গ নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন।
শামীম ইয়াজদানী জানান, রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি আছেন ১৪৫ জন। বর্তমানে রাজশাহীর ৭৩, চাঁপাইনবাবগঞ্জের ১৮, নাটোরের ১৯, নওগাঁর ৯, পাবনার ১৩, কুষ্টিয়ার ৮, চুয়াডাঙ্গার ৩, জয়পুরহাটের একজন ও মেহেরপুরের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে করোনায় আক্রান্ত ৬৩ জন। ৬৩ জন উপসর্গ নিয়ে ভর্তি।
এর আগে শনিবার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৩ জনের। একই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে আরও ২৩০ জনের নমুনা পরীক্ষা হয়। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৯ জনের।








