রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় ও উপসর্গে এক সপ্তাহে মোট ২১ জন মারা গেছেন।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালের আইসিইউ ও ২৯-৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। গত সাত দিনে মারা গেছেন ২১ জন। তাদের মধ্যে ১ ফেব্রুয়ারি ৪, ২ ফেব্রুয়ারি ৩, ৩ ফেব্রুয়ারি ৫, ৪ ফেব্রুয়ারি মৃত্যুহীন, ৫ ফেব্রুয়ারি ২, ৬ ফেব্রুয়ারি ২ ও ৭ ফেব্রুয়ারি ৩ জনের মৃত্যু হয়।
এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৬৩ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৬ জন। করোনার উপসর্গ নিয়ে ১৪ জন ভর্তি রয়েছেন।
এদিকে রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় দুই হাজার ২২৫টি নমুনা পরীক্ষায় ৫৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ২৪ দশমিক ৮৫ শতাংশ। বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে এক লাখ ১৫ হাজার ৬৬৫ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ৫৫৩ জনের। এই এক দিনে রাজশাহী জেলায় ৫৩৯টি নমুনা পরীক্ষায় ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা শনাক্তের শতকরা হার ২৫ দশমিক ২৩ শতাংশ।









