নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপাজা এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি ৩৫০ গ্রাম রুপা ও এক লাখ ৭০ হাজার ৫০০ ভারতীয় রুপি জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় দুই জনকে আটক করা হয়। পরে তাদের মামলায় গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতার দুই জন হলো ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুসুল্লি গ্রামের ছামছুল ইসলামের ছেলে মকলেছুর রহমান (৩২) এবং গাইবান্ধা উপজেলার বানিয়ার জান গ্রামের ফজলুল হকের ছেলে নাজমুল হক (৩৪)।
শনিবার (১৯ মার্চ) গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মতিয়ার রহমান। রাতে গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জব্দ রুপা ও মুদ্রার মূল্য আনুমানিক ২৫ লাখ ৫০ হাজার টাকা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মতিয়ার রহমান আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গুরুদাসপুর কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে রুপা এবং রুপি জব্দ করা হয়। এ সময় গাড়িতে থাকা দুই জনকে আটক করা হয়।
ওসি আব্দুল মতিন জানান, জিজ্ঞাসাবাদ শেষে রবিবার আসামিদের আদালতে হাজির করা হবে।









