রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে আবারও গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ জুন) দিবাগত রাতে পৌরসভার পিয়াদাপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
রাজশাহী জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মুক্তার আলীর বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। এর ভিত্তিতে রাতে গ্রেফতার করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, বাড়িতে ঢুকে স্ত্রী-পুত্রসহ এক কলেজশিক্ষককে মারধরের ঘটনায় মুক্তার আলীর বিরুদ্ধে ২০২১ সালের ৬ জুলাই বাঘা থানায় একটি মামলা হয়। ওই রাতে মুক্তারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি। তবে বাড়িতে তল্লাশি করে অস্ত্র, মাদক ও নগদ প্রায় এক কোটি টাকাসহ মেয়রের স্ত্রী ও ভাতিজাকে গ্রেফতার করে পুলিশ।
এর দুই দিন পর ৮ জুলাই দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী থেকে মুক্তারকে গ্রেফতার করা হয়। কয়েক মাস কারাগারে ছিলেন তিনি। গত বছরের ১২ জুলাই স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্তও করে। পরে জামিনে কারাগার থেকে বের হয়ে উচ্চ আদালতের মাধ্যমে মেয়রের দায়িত্ব ফিরে পান।









