রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জুলাই) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
তিনি বলেন, ওই তিন জন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন কোনও রোগী ভর্তি হননি। ছাড়পত্রও পাননি কেউ।
আগের দিন শুক্রবার (২২ জুলাই) রাজশাহীর ১৩টি নমুনা পরীক্ষা করা হয়। একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৭ দশমিক ৬৯ শতাংশ।








