রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় করা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর মোহম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—মামলার ২ নম্বর আসামি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভান্ডাররক্ষক মো. জীবন (২২) ও গাড়িচালক আব্দুস সবুর (৪৭)।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘মামলার পর তারা পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানা পুলিশের একটি টিম রাজধানীর মোহাম্মপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।’
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেল ইসলাম। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।









