পদ দিতে টাকা দাবির অভিযোগ, ছাত্রলীগ নেতার অডিও ভাইরাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪২ আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪২

ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে পদ দেওয়ার নামে ফেনসিডিল কেনার কথা বলে ২০ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফের বিরুদ্ধে। তার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অডিও রেকর্ডে নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছাত্রলীগ কর্মীর কাছে ফেনসিডিল ও মিষ্টি খাওয়া বাবদ টাকা দাবি করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা কমিটি।

ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ দেওয়ার কথা বলে আসিফ আলী নামের এক ছাত্রলীগ কর্মীর কাছে ২০ হাজার টাকা দাবি করেন। এ সময় টাকা না দিলে সিফাত উদ্দিন নামে আরেকজনকে সাধারণ সম্পাদক করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন। এ সময় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে মিষ্টি ও ফেনসিডিল খাওয়া বাবদ টাকাগুলো দিতে হবে বলে জানান।

জানা গেছে, পরে গত ২২ ফেব্রুয়ারি নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেয় উপজেলা ছাত্রলীগ। সেখানে এক বছরের জন্য সভাপতি হিসেবে মো. শামীম সারোয়ার, সহ-সভাপতি পদে মো. নাইম ইসলাম, সাধারণ সম্পাদক মো. সিফাত উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় মো. আসিফ আলীকে। কমিটির অনুমোদন দেন নাচোল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলসাবা ও সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ।

কমিটি অনুমোদনের আগে গত ২০ ফেব্রুয়ারি হওয়া ওই অডিও রেকর্ডে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আলীকে বলেন, ‘নতুন কমিটিতে তোমাকে সাধারণ সম্পাদক করে দেবো। যদিও ওপর থেকে সিফাত উদ্দিনকে সাধারণ সম্পাদক করতে নানারকম চাপ আছে। তবুও আমি তোমাকেই করতে চাই। কিন্তু জেলা ছাত্রলীগের বড় ভাইদেরও একটা আশা থাকে, তাদেরকে মিষ্টি ও ডাইল (ফেনসিডিল) খাওয়া বাবদ বেশি না ২০ হাজার টাকা দিও।’

ভাইরাল হওয়া কথোপকথনে পদপ্রার্থী আসিফ আলী টাকা দিতে অস্বীকৃতি জানালে ফিরোজ হাসান তারিফ বলেন, ‘কমিটিতে পদে আসতে গেলে এমন খরচ লাগে। শিবগঞ্জের দিকে খোঁজ নিয়ে দেখো। একেকটা ইউনিয়ন কমিটির জন্য লাখ লাখ টাকা লেনদেন হয়। ওদের ওখানে ইনকাম আছে, তাই লেনদেনও বেশি। আমাদের এখানেও ইনকাম শুরু হয়ে যাবে। এতদিন দলীয় এমপি ছিল না, তাও এখন হয়ে গেছে। আগামী ছয় বছরের জন্য দলীয় এমপি থাকবে ধরে নাও।’

অডিও রেকর্ডে পদপ্রার্থী আসিফ আলী বলেন, ‘আমি দলকে ভালোবাসি, সেই বিষয়টি বিবেচনা করে আমাকে পদ দেন। কিন্তু আমি এতো টাকা ম্যানেজ করতে পারবো না।’ এ সময় ফিরোজ হাসান তারিফ বলেন, ‘ভেবে দেখে  সিদ্ধান্ত নাও। অনেকেই এই পদ নেওয়ার জন্য বারবার অনুরোধ করছে।’

ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ও নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক আসিফ আলী দাবি করেন, ‘কমিটি দেওয়ার দুই দিন আগে আমাকে ২০ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়। জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের নামে মিষ্টি ও ফেনসিডিল খাওয়ার টাকা দাবি করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ। পরে আমি টাকা দিতে না পারায় আরেকজনকে কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে এবং সেই কমিটিতে আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে।’

এ বিষয়ে অভিযুক্ত ফিরোজ হাসান তারিফ দাবি করেন, ‘আমাকে ফাঁসানোর জন্য এডিটিং করে এসব অডিও রেকর্ড ফাঁস করা হয়েছে। যেই ছাত্রলীগ কর্মী এই কাজটি করেছে, তাকেও ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে পদ দেওয়া হয়েছে। কিন্তু প্রত্যাশিত পদ না পেয়ে আবেগে এসব অডিও রেকর্ড ছড়িয়েছে। সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ পাওয়া সিফাত উদ্দিন বলেন, ‘আমিও অডিও রেকর্ডটি শুনেছি। আমার ধারণা, কমিটিতে পদ না পেয়ে এসব করা হয়েছে। আমিও তো ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ পেয়েছি। আমাকে এমন টাকা-পয়সার কোনও প্রস্তাব দেয়নি কেউ।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আতিকুজ্জামান আশিক বলেন, ‘বিষয়টি আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। ফলে মঙ্গলবার সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত নেতাকে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছে।’

জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ বলেন, ‘আমাদের কাছে একটি অডিও রেকর্ড এসেছে, সেখানে নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে পদ দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা দাবি করেন নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ। এ সময় সে বিভিন্ন অনৈতিক ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি নানারকম কথা বলেছে। তাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা
ছাত্রলীগ নেতাকে ডেকে নিয়ে কেটে দিলো হাত-পায়ের রগ, অবস্থা আশঙ্কাজনক
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি