সিরাজগঞ্জে স্কুলছাত্র আরমান শেখকে (১০) অপহরণের পর হত্যার ঘটনায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৪ মার্চ) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক শেখ মো. নাসিরুল হক এ রায় দেন। নিহত আরমান শেখ সদর উপজেলার বাঐতারা গ্রামের মোকাদ্দেস সরকারের ছেলে।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলো শহরের মালশাপাড়া মহল্লার আলী আকবরের স্ত্রী রাশিদা খাতুন ও ফরিদুল ইসলামের ছেলে ওবায়দুল হক। তারা পলাতক।
রায়ের নথি থেকে জানা গেছে, আরমান শেখ সদর উপজেলার বাঐতারা গ্রামে মামার বাড়ি থেকে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করতো। ২০১২ সালের ৩ অক্টোবর সকালে মামার বাড়ি থেকে স্কুলে যায়। কিন্তু স্কুল শেষে আর বাড়ি ফেরেনি। ওই দিন সন্ধ্যায় রাশিদা খাতুন ও ওবায়দুল স্কুলছাত্রের পরিবারকে জানায় এক লাখ টাকা মুক্তিপণ দিলে আরমানকে ফেরত দেবে। প্রথম দফায় পাঁচ হাজার ও দ্বিতীয় দফায় চার হাজার টাকা নেয় তারা। টাকা নিয়েও ফেরত না দেওয়ায় আরমানের মা আরজিনা বেগম বাদী হয়ে রাশিদা খাতুন, ওবায়দুল ও বেদেনা খাতুনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। এরপর রাশিদাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেওয়া তথ্যে বাঐতারা গ্রামের মোশাররফ হোসেনের বাড়ির সেপটিক ট্যাংক থেকে ১০ অক্টোবর বিকালে আরমানের মাথা ও হাত-পা উদ্ধার করে পুলিশ। মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ২৫ জানুয়ারি রাশিদা খাতুন ও ওবায়দুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মামলার রায় দেন বিচারক।









