জয়পুরহাটে মেহেদী হাসান (২৫) নামে একজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নিহতের স্ত্রী জেসমিন আকতার সৃষ্টি বাদী হয়ে আদালতে মামলাটি করেন।
জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে নথিভুক্ত করতে সদর থানাকে নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির বিষয়টি নিশ্চিত করে বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জয়পুরহাটের সাবেক দুই এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সামছুল আলমসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এর আগে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে জয়পুরহাটে আনন্দ মিছিল নামে। সেখানে সাধারণ মানুষের সমাগম জনসমুদ্রে পরিণত হয়। সেই রাতে গুলিতে মেহেদী হাসান (২৫) নিহত হন। তিনি জয়পুরহাট পৌর এলাকার শেখ পাড়া মহল্লার মৃত আলতাফ শেখের ছেলে। মেহেদী হাসান ছাত্রদলকর্মী ও অটোরিকশা চালক ছিলেন। ঘটনার ১৬ দিন পর মামলাটি করা হয়।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবীর জানান, মামলার কপি থানায় এখনও পৌঁছেনি। কপি পেলে নেওয়া হবে ব্যবস্থা।
এর আগে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পাঁচবিবির শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল গুলিতে নিহত হন। এ ঘটনায় ১৮ আগস্ট নিহতের বাবা বাদী হয়ে জয়পুরহাট আদালতে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করেন।









