রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাই কানুর (২৭) মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভাতমা গ্রামের বাসিন্দা। শনিবার বিকাল ৩টায় তানোর উপজেলার সাতপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
এছাড়া ওই ঘটনায় কানুকে বাঁচাতে গিয়ে ছোট ভাই আল আমিন (২৪) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত কানুর সহকর্মী ফিরোজ জানান, তানোরের মুণ্ডুমালা থেকে খড়বোঝাই একটি ট্রাক গোদাগাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল। কানু, আল আমিনসহ তারা কয়েকজন খড়বোঝাই ট্রাকের ছাদেই ছিলেন। সাতপুকুর এলাকায় পৌঁছালে ট্রাকের খড়ের সঙ্গে ডিসের তার বাধে। এসময় কানু ডিসের তারটি ছোটানোর চেষ্টা করলেবিদ্যুৎস্পৃষ্ট হয়ে তা শরীরে আগুন ধরে যায়। সেই সঙ্গে ট্রাকে থাকা খড়ের আগুন লাগে।
এ ঘটনায় গোদাগাড়ী দমকল বাহিনীর সদস্যরা ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে ও কানুর লাশ উদ্ধার করে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় কোনও মামলা হয়নি। কেউ অভিযোগ করলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/







