নাটোরে যুবলীগ কর্মী রাকিব ও রায়হান হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ জেলা বিএনপির ১৪ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক মো. মাইনুদ্দীন এই রায় দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালে ৫ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত সংবিধান সুরক্ষা ও গণতন্ত্র রক্ষায় বিজয় র্যালি কর্মসূচিতে যাওয়ার সময় নাটোর সদর উপজেলার তেবারিয়া এলাকায় রাকিব ও রায়হান নামের দুই জনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত রাকিবের বড় ভাই আনজুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পুলিশ তদন্তে প্রাপ্ত আসামি বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর বলেন, ‘মামলায় বাদীপক্ষ আসামিদের শনাক্ত করতে না পারায় ও রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে না পারায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মামলার আসামি ১৪ জনকে খালাস দেন।’
মামলা থেকে খালাস পেয়ে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘দেরিতে হলেও আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। তবে রাকিব ও রায়হানের হত্যার মূল পরিকল্পনাকারী ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’









