প্রকৌশলীকে লাঞ্ছিতের নেপথ্যে ১৯ কোটি টাকার কাজের ভাগ

রাজশাহী প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৫, ২৩:১৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ২৩:১৩

রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমানকে লাঞ্ছিত করার নেপথ্যে ১৯ কোটি টাকার কাজের ভাগ-বাঁটোয়ারা করার অভিযোগ উঠেছে। নগরের তেরখাদিয়া এলাকার কাজের ভাগ না পেয়ে মহানগর জামায়াতে ইসলামীর প্রয়াত এক নেতার ছেলের নেতৃত্বে গত রবিবার সন্ধ্যায় শহীদুরকে লাঞ্ছিত করা হয়। এ সময় তার কার্যালয়ে ভাঙচুর করা হয়।

বিএমডিএ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শহীদুর রহমান বিএমডিএর ‘ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ’ প্রকল্পের পরিচালক (পিডি)। রাজশাহী ও রংপুর বিভাগে আগে থেকেই প্রায় সাড়ে চার হাজার গভীর নলকূপ আছে। নলকূপগুলো ৬১০ মিটার এলাকায় সেচ দিতে পারে। সেটি পাইপলাইনের মাধ্যমে আরও ৫০০ মিটার করে সম্প্রসারণ করাই এই প্রকল্পের কাজ। সম্প্রতি পিডি শহীদুর রহমান ৯৫টি লটে পাইপলাইন সম্প্রসারণ কাজের দরপত্র আহ্বান করেন। প্রতিটি লটের কাজের টাকার পরিমাণ ২০ লাখ। মোট ১৯ কোটি টাকার কাজের ‘ভাগ’ চাওয়া নিয়েই পিডিকে লাঞ্ছিত ও কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। ইতিমধ্যে ঠিকাদাররা দরপত্র দাখিল করলেও কাজ কে পাচ্ছেন, সেই ফলাফল এখনও প্রকাশিত হয়নি।

ঠিকাদারদের একটি সূত্র জানিয়েছে, বিএমডিএতে এখন হালুয়া-রুটির মতো কাজ ভাগাভাগি চলছে। এটা বিএনপির অমুক নেতার কাজ, ওটা আরেক নেতার—এভাবেই ভাগ হচ্ছে কাজ।

তবে অভিযোগ অস্বীকার করে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এই প্রথম শুনলেন। যদি কাজ ভাগাভাগি হয়, সেটা বিএমডিএ বলতে পারবে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের ইসলামীর মহানগরের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন বলেন, ‘জামায়াতের প্রয়াত ওই নেতার ছেলে বিএমডিএতে যেতে পারেন। তবে এই ঘটনা জামায়াতের দলীয় কোনও বিষয় নয়। এটা এলাকাভিত্তিক ঘটনা। এর দায় জামায়াত নেবে না।’

বিএমডিএর কার্যালয় এবং একাধিক সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা ৬টার দিকে ১৫ থেকে ২০ জন ব্যক্তি পিডি শহীদুর রহমানের কার্যালয়ে যান। দলটির নেতৃত্বে ছিলেন মহানগর জামায়াতের প্রয়াত আমির আতাউর রহমানের ছেলে সাকিব। তিনি নগরের তেরখাদিয়া এলাকার বাসিন্দা এবং মহানগর জামায়াতের আরেক নেতার শ্যালক। তারা পিডি শহীদুরের কাছে গিয়ে তাদের কাজ দেওয়ার দাবি করেন। কিন্তু পিডি তাদের জানান, ই-জিপি সিস্টেমের বাইরে কিছুই করতে পারবেন না। এ নিয়ে বাগবিতণ্ডা শুরুর একপর্যায়ে তারা পিডি শহীদুরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়া তার টেবিলের কাচ ও কার্যালয়ের বাইরের দেয়ালে থাকা একটি ফ্যান ভাঙচুর করেন। পরে পিডিকে শাসিয়ে চলে যান।

খবর পেয়ে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম সোমবার সকালে শহীদুর রহমানের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে কথা বলেন। প্রায় ১৫ মিনিট তিনি ঘটনার বর্ণনা শোনেন। বের হওয়ার পর এ ব্যাপারে জানতে চাইলে ওসি আশরাফুল আলম বলেন, অন্য মাধ্যম থেকে খবর পেয়ে এখানে এসে সব শুনেছি। পিডি চাইলে থানায় অভিযোগ করতে পারেন। তাহলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেবো। এখন তাদের (বিএমডিএ) নির্বাহী পরিচালক ঢাকায় আছেন। তিনি আসার পর তারা সিদ্ধান্ত জানাবেন বলেছেন।’

কাজ ভাগ-বাঁটোয়ারার বিষয়ে পিডি শহীদুর রহমান বলেন, ‘এই অভিযোগ সঠিক নয়। দরপত্র দাখিল হয়েছে। রেজাল্ট এখনও হয়নি। কে কাজ পাচ্ছে না পাচ্ছে, আমি নিজেও জানি না। নিয়ম হলো একটি ঠিকাদারি প্রতিষ্ঠান একাধিক লটের জন্য দরপত্র দাখিল করতে পারবে। কিন্তু একটির বেশি কাজ পাবে না। রবিবার সন্ধ্যায় আমার দফতরে যারা এসেছিলেন, তারা ১৫ থেকে ২০টি লটের কাজ দাবি করেন। একটি প্রতিষ্ঠানের বিপরীতে একাধিক কাজও দাবি করেন। আমি তাদের জানিয়ে দিয়েছি, ই-জিপিতে যোগ্য ঠিকাদারই কাজ পাবে। এর বাইরে কিছু করতে পারবো না। এরপর হট্টগোল করেন তারা।’

কারা এসেছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমি বলতে পারবো না। আপনারা (সাংবাদিক) খোঁজ নেন।’ শারীরিকভাবে লাঞ্ছিত করা কিংবা অফিসে ভাঙচুরের কথা অস্বীকার করেন এই কর্মকর্তা। থানায় অভিযোগ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাহী পরিচালক স্যার ঢাকায় আছেন। তিনি ফেরার পর আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’

বিএমডিএর নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘এই ধরনের ঘটনা দুঃখজনক। আমরা এটা প্রত্যাশা করি না। এ ঘটনার পর আমি কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলাম, এমন ঘটনা আগেও ঘটেছে কিনা। আমি জেনেছি, এমন ঘটনা আগেও ঘটেছে। তবে তখন কোনও আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এবার কী করা যায় আমরা দেখছি।’

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি