নলকূপের ৩০ ফুট গর্তে দুই বছরের শিশু, ৬ ঘণ্টা ধরে উদ্ধারের চেষ্টা

রাজশাহী প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৪২ আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৪২

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত ৩০ ফুট মাটির নিচের গর্তে পড়ে গেছে দুই বছরের এক শিশু। তাকে জীবিত উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের এক জমির মাঠে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গর্তের ভেতরে অক্সিজেন সরবরাহ শুরু করেছেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শিশুটি জীবিত আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শিশুটির নাম স্বাধীন। সে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, গভীর নলকূপের মালিক তাহের মিয়া দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ডিপের পাইপটির মুখ খোলা অবস্থায় ফেলে রেখেছিলেন। কোনও সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।

কোয়েলহাট পূর্বপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন ও জালাল উদ্দীন জানান, দুপুর ১২টার দিকে জমি থেকে মাটি নিয়ে আসা একটি ট্রলি জমিতে আটকে যায়। রাকিব উদ্দীন ও তার স্ত্রী তাদের দুই বছরের ছেলেকে নিয়ে মাটিতে আটকে যাওয়া ট্রলিটি দেখতে যান। শিশুটি তার মায়ের কোল থেকে নেমে জমির মধ্যে হাঁটছিল। এরই মধ্যে পরিত্যক্ত ওই গভীর নলকূপের গর্তে মধ্যে পড়ে যায়। তার মা-বাবা গর্তের মধ্য থেকে শিশুটিকে তুলতে পারছিলেন না। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মাটি খুঁড়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছেন।

শিশুটির মা রুনা খাতুন বলেন, ‌‘মাটিতে আটকে যাওয়া ট্রলি দেখতে এসে আমার সন্তান কোল থেকে নেমে যায়। পরে কিছুটা হেঁটে গিয়ে গর্তের মধ্যে পড়ে গিয়ে কাঁদতে শুরু করে। গর্তের মধ্য থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে। আমরা তাকে খুঁজছি। কিন্তু এত গভীর যে, নিচে দেখতে পাচ্ছি না।’

তানোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুর রউফ বলেন, ‘শিশুটিকে উদ্ধারের জন্য ছয় ঘণ্টা ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ সহায় হলে জীবিত উদ্ধার করা যাবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি টিম নিয়ে আসা হয়েছে ফায়ার সার্ভিসের। এছাড়াও রাজশাহী থেকে টিম এসেছে। উদ্ধারকাজ চলছে।’

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, ‘গর্তটির মুখ ৩-৪ ফুট চওড়া। গভীরতা ৩০-৩৫ ফুট হতে পারে। ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। গর্তের ভেতরে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। শিশুটি অক্সিজেন নিচ্ছে এবং সাড়া দিচ্ছে।’

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। সবাই দোয়া করুন, শিশুটি যেন উদ্ধার হয়ে মায়ের কোলে ফিরে যেতে পারে। আমরা খোঁজখবর রাখছি।’

/এএম/
সম্পর্কিত
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
বনানীর সেই এফআর টাওয়ারের পাশের ভবনে আগুন
গাজীপুরে আগুনে পুড়লো ২৩ ঘর ও পাঁচ দোকান
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি