স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে সারাদিনের চেয়ে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ বেড়েছে। তবে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট বা ধীরগতি। ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে মানুষ।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে সারাদিনের চেয়ে সন্ধ্যার পর থেকে যানবাহনের প্রচুর চাপ বেড়েছে। তবে যানজট বা ধীরগতি না থাকায় এবার স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ।
যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফর বলেন, অন্যান্য দিনের তুলনায় ঈদযাত্রায় উপলক্ষে মহাসড়কে আজ সকাল থেকেই যানবাহনের চাপ ছিল কয়েকগুণ বেশি। তবে দিনের চেয়ে সন্ধ্যার পর থেকে এই মহাসড়কে যানবাহনের কিছুটা বেড়েছে। মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়লেও কোথাও যানজট বা ধীরগতি না থাকায় স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহনগুলো।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঈদযাত্রায় মহাসড়কে গত কয়েক দিনের তুলনায় আজ কয়েকগুণ বেড়েছে যানবাহনের চাপ। সকাল থেকে যানবাহনের প্রচুর চাপ দেখা যাচ্ছে। তবে দিনের চেয়ে সন্ধ্যার ৭টার পর থেকে হঠাৎ যানবাহনের চাপ বেড়ে যায়। রাত সাড়ে ৮টার পর থেকে কমতে থাকে যানবাহনের সংখ্যা। এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে মহাসড়ক।









