একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

রাবি প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ০২:৪৯আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৮:৪৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবন থেকে জামায়াতপন্থি কর্মকর্তাদের সরিয়ে তাদের জায়গায় বিএনপিপন্থি কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থি কর্মকর্তাদের সংগঠন রাবি অফিসার্স ফোরামের নেতারা। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

অফিসার্স ফোরামের নেতারা দাবি করেন, প্রশাসনিক ভবন থেকে জামায়াতপন্থি কর্মকর্তাদের সরিয়ে বিএনপিপন্থি কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। একইসঙ্গে সিনিয়র কর্মকর্তাদের জুনিয়র কর্মকর্তাদের অধীনে বদলি করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা যায়, শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের সই করা এক বিজ্ঞপ্তিতে মোট ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়। এর মধ্যে অফিসার ইউনিটের সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মো. মাসুদ রানাকে বদলি করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উপ-রেজিস্ট্রার, সাধারণ কর্মচারী ইউনিটের সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মো.মনজুরুল হককে বদলি করে রহমতুন্নেসা হলের উপ-রেজিস্ট্রার, গোপনীয় শাখার উপ-রেজিস্ট্রার শেখ ফরিদকে বদলি করে বাংলা বিভাগের স্বপদে, অ্যাকাডেমিক শাখা-১ এর উপ-রেজিস্ট্রার আবু মো. তারেককে স্বপদে লিগ্যাল সেলে বদলি করা হয়। একইভাবে মোট ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়।

সংবাদ সম্মেলনে রাবি অফিসার্স ফোরামের সেক্রেটারি কাজী মামুন বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত এই সরকারের অন্যতম অংশীজন হিসেবে আমরাও রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও দলীয়করণমুক্ত প্রশাসন প্রত্যাশা করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর বেছে বেছে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে, যাদের জামায়াতপন্থি হিসেবে চিহ্নিত করা হচ্ছে, প্রশাসনিক ভবন থেকে বিভিন্ন বিভাগে বদলি করেছে। এমনকি অনেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে তাদের জুনিয়র কর্মকর্তাদের অধীনে পদায়ন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চাকরির অংশ হিসেবে বদলিকে আমরা স্বাভাবিকভাবেই স্বাগত জানাই। তবে উপাচার্য, উপ-উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের অনুরোধ ছিল, জ্যেষ্ঠ কর্মকর্তাদের মর্যাদা ও সম্মান বজায় রেখে বদলি করা হোক। একজন কর্মকর্তা ২০-২২ বছর প্রশাসনিক ভবনে দায়িত্ব পালনের পর তাকে হঠাৎ বিভাগে বদলি করা কোনোভাবেই যৌক্তিক নয়। প্রয়োজন হলে অপেক্ষাকৃত জুনিয়র কর্মকর্তাদের বিভাগে পদায়ন করা যেত।’

অফিসার্স ফোরামের সভাপতি মাসুদ রানা বলেন, ‘আমরা উপাচার্য ও উপ-উপাচার্যের কাছে অনুরোধ জানিয়েছি, এটি দলীয়করণের জায়গা নয়; এটি যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন ও পদায়নের স্থান। উপাচার্য আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা সেই আশ্বাসের প্রতি সম্মান জানিয়ে অপেক্ষা করছি। তবে যদি ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত বা মামলার আসামি হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের প্রশাসনিক ভবনে রেখে আন্দোলনে সম্পৃক্ত কর্মকর্তাদের অবমাননাকরভাবে বদলি করা হয়, তাদের জুনিয়র কর্মকর্তাদের অধীনে পদায়ন করা হয়, তাহলে সাধারণ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আমরা অবশ্যই এর প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন ড. মো. আব্দুল আলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘এ ধরনের কোনও দলীয় নিয়োগ দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের চাকরিতে বদলি একটা রুটিন ওয়ার্ক। আজকে এক জায়গায় কাজ করলে কাল অন্য জায়গায়। এরকম টেবিল চেঞ্জ হয়। সেটাই হয়েছে।’

তবে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

/এএম/এম/
সম্পর্কিত
নির্ধারিত সময়ে তৈরি হয়নি রাবির সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তর করা হবে: ইউজিসি চেয়ারম্যান
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সর্বশেষ খবর
ইতিহাসের টানে ঘুরে আসুন কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ
ইতিহাসের টানে ঘুরে আসুন কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ইরানি অস্ত্র ও পরামর্শে লোহিত সাগরের কৌশলগত শহর দখল হুথিদের
ইরানি অস্ত্র ও পরামর্শে লোহিত সাগরের কৌশলগত শহর দখল হুথিদের
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন